আগেতো প্রেমিক হও

বুধবার, এপ্রিল ১, ২০২৬

 

         ।। আরেফিন শিমুল।। 

 

হে যুবক, তোমার বড্ড বাড়াবাড়ি
খালি বল, প্রেম দাও…
প্রেমের গভীরতা মাপতে জানো?
আগেতো প্রেমিক হও।

প্রেম কী মুড়ি মুড়কি, হাত পাতলেই দিয়ে দেবো?
ক’টা প্রেমপত্র লিখেছ তুমি
ক’টা গোলাপ নিয়ে এসেছ সামনে
তোমার বুকে এখনো বসন্ত জাগেনি
আর চাইছ শিমুলের ঘ্রাণ নিতে…
আগেতো প্রেমিক হও।

হে যুবক, তুমি জ্যোস্নার তিয়াস বুঝ?
নৈর্ঋত হাওয়ায় কিসের নেশা টের পাও
শুনেছ কোনদিন খসে পড়া তারার পাঁজর ভাঙ্গা শব্দ…
নাকি শুধু বৃন্দাবনের গল্প শুনেই বয়স বাড়িয়েছ?
আগেতো প্রেমিক হও।

হে যুবক, তুমি অসহ্য বেসামাল
কিন্তু খোলা চুলের মাতলামো তুমি চেনো না
কৃষ্ণচূড়ার আবীর নিয়ে আমার কপাল ছুঁতে পার না…
দু’গাছি রেশমি চুড়িতেই তুমি মন ভোলাতে ব্যস্ত
আগেতো প্রেমিক হও।

হে যুবক, তুমি পদ্মার উথালপাতাল দেখেছ
উত্তাল যমুনায় তীরহারা মাঝির কান্না শুনেছ
শুনেছ ভয়াল সমুদ্রে তার যৌবনের গর্জন
কেবল কাজল কালো চোখে হারাতে চাও
আগেতো প্রেমিক হও।

হে যুবক, কালবোশেখি ঝড়কে তুমি ভয় পাও
ভয় পাও লোকলজ্জা, তোমার সম্ভ্রান্ত সমাজ
তুমি জানোনা আলিঙ্গনের উষ্ণতা, চুম্বনের শিহরন
ভালোবাসার আগ্রাসী বৃষ্টিতে তোমার এলার্জি
আগেতো প্রেমিক হও।