ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সোমবার, এপ্রিল ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।

ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, সারা দেশে অকস্মাৎ বিলুপ্তপ্রায় রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে ব্যক্তিগত খাতে হস্তান্তরের অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

নোটিশ প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।