নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ শীর্ষ নেতারা।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে সবাইকে নিয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন।
এর আগে, সকালে প্রথমে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।