জাতির সংবাদ ডটকম।।
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি।
২৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টা ১ মিনিটে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট (শহীদ মিনার)-এ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, কার্ডিফ বাংলা স্কুল, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোলাম মর্তুজা, আলহাজ্ব আসাদ মিয়া, মুজিবুর রহমান, ভিপি সেলিম আহমদ, ড. জুসনা মুহিত, মফিকুল ইসলাম, সৈয়দ ইকবাল আহমেদ, আনোয়ার আলী, মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু, বদরুল হক মনসুর, আতিকুল ইসলাম, আব্দুল মোতালিব, সেবুল আলী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, আফিফা জান্নাত, শাহান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব মানচিত্র এবং লাল-সবুজের গর্বিত পতাকা। তিনি বলেন, ১৯৭১ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের অস্তিত্ব। এ ইতিহাস সঠিকভাবে সর্বত্র তুলে ধরার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।