ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

‎ঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।


‎গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনের অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম, এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান।

‎এছাড়া দেশের অন্যান্য সিটিতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে- খুলনা সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে দায়িত্ব পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান, এবং গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন মো. শওকত হোসেন সরকার।


‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে এই প্রশাসকগণকে সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

‎এতে আরও বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।