দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শনিবার, মার্চ ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে।

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান।

শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।