নিন্দার মুখে ওবামা দম্পতিকে ‘বানর’ দেখানোর ভিডিও সরিয়ে নিলেন ট্রাম্প

শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি, ভিডিও বা মিম শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেমনই একটি ভিডিও তিনি শেয়ার করেন, যার একটি অংশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠতে থাকে। এ অবস্থায় ভিডিওটি ট্রুথ সোশ্যাল থেকে সরিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার রাতে তাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে এ কথা জানিয়েছেন তিনি।

ওই পোস্টের জন্য ক্ষমা চাইবেন কি না তা জানতে চাওয়া হলে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘আমি কোনো ভুল করিনি’।

তিনি আরও বলেন, ‘আমি শুধু প্রথম অংশটাই দেখেছি… পুরো ভিডিওটি দেখিনি। ভিডিওটি পোস্ট করার জন্য কর্মীদের দিয়েছিলাম, কিন্তু তারাও পুরো ভিডিও দেখেনি।’

এ সময় তাকে আরও জানতে চাওয়া হয়— ভিডিওতে থাকা বর্ণবাদী চিত্রগুলোর তিনি সমালোচনা করেন কি না? ট্রাম্প উত্তর দেন, ‘অবশ্যই করি’।

ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয়কে কেন্দ্র করে মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করা হয়েছে। একই সঙ্গে ওবামা দম্পতিকে আদিম মানুষ হিসেবে দেখানো হয়। প্রায় এক সেকেন্ডের জন্য তাদের মুখ বানরের দেহের ওপর বসানোর দৃশ্য দেখানো হয়েছে।

বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষোভের সৃষ্টি হয়। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অনেকেই তীব্র সমালোচনা করেন। পরে তা সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।