নির্বাচনে জয়ী লাপোর্তা, ২০৩১ পর্যন্ত থাকছেন বার্সেলোনার দায়িত্বে

সোমবার, মার্চ ১৬, ২০২৬

ক্রীড়া ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। কাতালান টেলিভিশন চ্যানেল টিভিথ্রি-এর জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ ভোট পেয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। এ জয়ের ফলে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির শীর্ষ পদে আসীন থাকবেন ৬৩ বছর বয়সী এই সংগঠক।

ক্লাবের প্রায় ৪২ শতাংশ সদস্য ভোট দেন, যা মোট ৪৮,৪৮০ ভোটের সমান। লাপোর্তা ৬৮.১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যেখানে ফন্ট পান ২৯.৭৮ শতাংশ।

নির্বাচন শেষে লাপোর্তা সাংবাদিকদের বলেন, “এই ফলাফল আমাদের খুব খুশি করেছে এবং আমাদের অনেক শক্তি দিয়েছে। য আমরা প্রায় বাকরুদ্ধ হয়ে গেছি।”

তিনি আরও বলেন, “কেউ আমাদের থামাতে পারবে না। আমি নিশ্চিত আগামী বছরগুলোতে, যেমন আমি বলেছি, আমাদের সামনে অনেক রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।”

লাপোর্তা জানান, ক্লাবটি এখন আংশিকভাবে পুন:নির্মাণাধীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাজ সম্পন্ন করার দিকে মনোযোগ দেবে, যা পরিকল্পনার চেয়ে এক বছর পরে ২০২৭ সালে শেষ হওয়ার কথা। পাশাপাশি ক্লাবের বিরুদ্ধে বাইরের সমালোচনার বিরুদ্ধেও তারা লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, “ক্লাব সদস্যরা আমাদের সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যেখানে আমরা সবাই মিলে বার্সাকে সবকিছুর বিরুদ্ধে রক্ষা করব।”

তিনি কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে ধন্যবাদ জানান, যারা গত মৌসুমে ক্লাবকে ঘরোয়া ট্রেবল জিততে সহায়তা করেছিলেন।

লাপোর্তা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির সভাপতি ছিলেন। এই সময়টা অনেকের মতে বার্সেলোনার সোনালি যুগ। সেই সময়ে কোচ পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে বার্সেলোনা ট্রেবল জিতেছিল।