স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এই দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস ও আফিফ হোসেন। তবে দল থেকে বাদ পড়েছেন জাকের আলী ও নুরুল হাসান সোহান।
ইনজুরির কারণে দলে রাখা হয়নি দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে।
ওয়ানডে দলে ফিরেছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
এরমধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছেন আফিফ। ২০২০ সালে অভিষেকের পর ৩৪ ওয়ানডেতে ৬৬৭ রান করেছেন তিনি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ঐ প্রতিযোগিতায় ৩ ইনিংসে ৬৪ গড়ে ১২৮ রান করেন আফিফ।
লিটন সর্বশেষ ওয়ানডে খেলেছেন গেল বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে। ওয়ানডেতে ফর্মহীনতায় ভুগলে, টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। এমনকি টেস্টে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি হাকিয়েছেন লিটন।
আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।