নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর, জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মাসে ব্যাংকিং চ্যানেলে ৩০২ কোটি ডলার এসেছে। এর আগে জানুয়ারিতে ৩১৭ ও ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার।
রবিবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ফেব্রুয়ারির ২৮ দিনে দেশে ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১ কোটি ১৬ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ২৫২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতেও দেশে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। ওই সময় দেশে ৩১৭ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
তারও আগে ২০২৫ সালের ডিসেম্বরেও দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। ওই সময় মোট ৩২২ কোটি ৬৬ লাখ ডলার দেশে এসেছিল। যা ছিল দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।