বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

রবিবার, মার্চ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ রোববার বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এ সময় তিনি দ্রুত এই সেবা চালুর নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘সাধারণ মানুষ যাতে কম খরচে ও সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য এই ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে।’

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হল, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করা ও প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে গরিব মানুষ যাতে সহজে কম খরচে উন্নত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে ব্যবহার উপযোগী করে সেখানে এই আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে।

এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।