নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তার সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মাত্র চারজন উচ্চপদস্থ কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র চারজন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এ পরিবর্তনের মাধ্যমে পূর্ববর্তী বিস্তৃত প্রটোকল ব্যবস্থা সংক্ষিপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করে অন্তর্বর্তী সরকার। এখন ওই নির্দেশনা বাতিল করা হয়েছে।