মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ হলো মানুষের উপকার করা, হৃদয়ে শ্রীমঙ্গল তাই করছে- মো: মুজিবুর রহমান এমপি

সোমবার, মার্চ ৯, ২০২৬

বিকুল চক্রবর্তী,  মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় তিনি বলেন, মানুষ হিসেবে একজন মানুষের প্রধান কাজই হলো আরেকজন মানুষের উপকার করা। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। হৃদয়ে শ্রীমঙ্গল এই কাজটুকুই করছে। তিনি বলেন, দুনিয়াতে কোন কিছুই স্থায়ী থাকেনা। স্থায়ী থাকে মানুষের ভালো কাজ।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে বক্তব্যদেন নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মামুন, কার্যক্রমের প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ ও সরফরাজ আহমেদ সরফু।

মহতি এই অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু ও হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস, নির্বাহী কমিটির সদস্য এম ইলিয়াছুর রহমান পাপ্পু।

হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর সার্বিক ও আর্থিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতা একরামুল কবীর, মসদ্দর আলী, মকসুদ আলী ও মাওলানা নোমানী প্রমুখ।

বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গল বিগত আট বছর ধরে উপজেলা ব্যপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্হাপন করে দেয়া, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানো।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, মানবতার সেবায় হৃদয়ে শ্রীমঙ্গল অতীতের মতো এবছরও শ্রীমঙ্গল উপজেলার ১৫৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
আর সংগঠনের নির্বাহী কমিটির সদস্য এম ইলিয়াছুর রহমান পাপ্পু জানান, হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীদেরকেও মানবতার যে কোন দুঃসময়ে এগিয়ে আসা উচিত।

সংগঠনের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মামুন বলেন, খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র এই রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ডাল, সেমাই ইত্যাদি।