মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

 

বিকুল চক্রবর্তী :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলাতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার একটি দল জানতে পারে যে তিনজন ব্যক্তি মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম এলাকা থেকে বড়লেখার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৮ এপ্রিল রাতে বড়লেখা উত্তর চৌমহুনা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।

এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ সদস্যদের সহায়তায় রাসেলকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেট কালো পলিব্যাগের ভেতর মোড়ানো ৪ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মাহমুদ হাসান রাসেল মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বিওসি কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে এবং তার আরও দুই সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল ও তার দুই পলাতক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, জেলার মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।