উপজেলা প্রতিনিধি : শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
রমজান মাস উপলক্ষে শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা Islamic Relief Netherlands ও Osman Consulting UK-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী এস. এ. হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইডের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. আলী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।
জানা যায়, তিন দিনব্যাপী উপজেলার মোট ১,৪২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুঁড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে। প্রথম দিন সাড়ে ৪০০ জনের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা যায়।