নিজস্ব প্রতিবেদক: রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে জানিয়ে ইসি মাসউদ বলেন, রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।
তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথা জানান তিনি।
এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা ও সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।