শিক্ষকের শূন্য পদ পূরণে সরকারের নানা উদ্যোগ

বুধবার, এপ্রিল ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতের জনবল সংকট নিরসনে এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে মোট ৬০ হাজার ২৯৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সরকারি ও এমপিওভুক্ত কলেজে শূন্য পদের সংখ্যা নিম্নরূপ: সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদে ৬৫৬টি এবং সদ্য সরকারিকৃত কলেজে নন-ক্যাডার প্রভাষক পদের ২ হাজার ৪১০ টি শূন্য।

এছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে এবং এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের জন্য মোট ১ হাজার ৩৪৪টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এহছানুল হক মিলন জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ২৯ মার্চ ই-রিক্যুজিশন (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শূন্যপদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্যপদ পূরণের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লিখিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের মাধ্যমে শূন্য পদসমূহ দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে আশা করা যায়।