শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে পূজা উদযাপন পরিষদসহ অর্ধশত সংগঠনের সংবর্ধনা

রবিবার, মার্চ ২২, ২০২৬

 

বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল থেকে:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মৌলভীবাজার–৪ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫৫টি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার সহযোগিতা কামনা করেন।


শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীপদ দেব।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন, নৃত্যালয়, নাট্যবেদসহ শ্রীমঙ্গলের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। এছাড়া আবৃত্তিশিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও প্রভাষক জলি পাল শ্রুতি নাটক পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, আজকের এই আয়োজন আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি মুহূর্ত। শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সকল সনাতনী সংগঠন আমাকে যে আন্তরিক সংবর্ধনা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনাদের অমূল্য ভালোবাসা, সমর্থন এবং মহামূল্যবান ভোটের কারণেই আমি আজ জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল মানুষের সম্মান ও গর্বের বিষয়।
আমি বিশ্বাস করি, জনগণের ভোট শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়—এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই আমি বলতে চাই, আগামী পাঁচ বছর আমি কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই যে আমি আপনাদেরই একজন। সুখে-দুঃখে, উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ধাপে আমি আপনাদের পাশে থাকতে চাই।
আমাদের এই জনপদে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে।

এই সম্প্রীতি ও ঐক্যের বন্ধন যেন আরও শক্তিশালী হয়—সেই লক্ষ্যেই আমরা সবাই একসঙ্গে কাজ করবো। শ্রীমঙ্গলকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমাদের সম্মিলিত লক্ষ্য।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও আশপাশের এলাকা থেকে আগত সহস্রাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে এমপি মুবিজুর রহমান চৌধুরী তাকে দেয়া সকল ফুলের তোড়া তার এলাকার জনগণের হাতে তুলে দেন।