জাতির সংবাদ ডটকম।।
শ্রীমঙ্গলের রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভা-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল কেবল একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এসব সমস্যা সমাধানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানা-র অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে উঠবে।