সার ডিলারদের নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন

বুধবার, মার্চ ১১, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিল করে নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন আয়োজন করেন বাংলাদেশ ফার্টিলাইজার্স এসোসিয়েশন (বিএফএ) কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ালিউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী সচিব রিয়াজ উদ্দিন ।

বক্তারা বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামত না নিয়ে কোনো একটি মহলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তড়িঘড়ি করে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা ২০০৯ বাতিল করে নীতিমালা ২০২৫ প্রণয়ন করেন। যেটা বাস্তবায়ন করা হলে দেশের কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও অনিয়ম দেখা দেবে। ফলে নতুন রাজনৈতিক সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে, যা কারোই কাম্য নয়।

তারা নীতিমালা ২০২৫-কে জনস্বার্থবিরোধী নীতিমালা বলে আখ্যা দিয়ে বলেন, আমরা বিএনপি সরকার গঠনের পর থেকেই এ জনস্বার্থবিরোধী নীতিমালা আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান নীতিমালা ২০০৯ বহাল রেখে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে জনস্বার্থে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন-এর বরাবর লিখিতভাবে জোর দাবি জানায় । এছাড়াও অনানুষ্ঠানিক বেশ কয়েকটি মিটিংয়ের মাধ্যমে তাকে সার্বিক বিষয়ে বাস্তবতা সম্পর্কে জানানো হয়।

বক্তারা বলেন, এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়ও খবর প্রকাশিত হয়, যা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু এ বিষয়ে মন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিএফএ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিলে মন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভা করার আশ্বাস দেন।
বিএফএ নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান নীতিমালা ২০০৯-এর মাধ্যমে দেশে সার সরবরাহ ও ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া হচ্ছে। সার বিতরণে কোনো অনিয়মের অভিযোগ নেই। ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে সার সংকটের পর প্রণীত নীতিমালা ২০০৯ কৃষকের দোরগোড়ায় সহজে সার বিতরণে যথেষ্ট।

তাই এটি বহাল রেখে নীতিমালা ২০২৫ জনস্বার্থবিরোধী নীতিমালা হিসেবে অচিরেই স্থগিত ঘোষণার আহ্বান জানান তারা । প্রয়োজনে সকল অংশীদারদের মতামত নিয়ে বিদ্যমান নীতিমালা ২০০৯ আংশিক সংশোধন করে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান বিএফএ নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন , নীতিমালা ২০২৫ বাস্তবায়ন হলে ৪৬ হাজার খুচরা ডিলার তাদের বাজারে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ রেখেই বেকার হয়ে যাবেন। যার ফলে এই সেক্টরে একটি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যা কারোই কাম্য নয়।

এ বিষয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া ও জনস্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের নীতিনির্ধারকদের সদয় দৃষ্টি কামনা করেন বিএফএ নেতৃবৃন্দ।
এ সময় সারা বাংলাদেশ থেকে আসা সার ডিলারগণ উপস্থিত ছিলেন।