স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানিয়েছেন, এখন পর্যন্ত এনসিপি স্বতন্ত্রভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক জোট গঠন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, জামায়াত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে তাহলে দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে।

তিনি বলেন, গত এক বছরে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। অনেক বন্ধুর পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। আমরা পর্যাপ্ত সময় পেলে আসন সংখ্যা ৬ থেকে বাড়তে পারত। এজন্য আমরা সবার আগেই স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যক্রম শুরু করেছি।

সাক্ষাৎকারের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই নেতা।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।