৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক

শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

শুক্রবার (২০ ফেব্রুয়ারী )সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার মাঠে বাদ মাগরিব দক্ষিণ সুরমা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলীয় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে এম এ মালিক বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশের মানুষের কল্যাণ কামনা করবেন।” তিনি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের স্বাগত জানান।

তিনি বলেন, দক্ষিণ জেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপস্থিত সিলেটের দুইজন সম্মানিত মন্ত্রীদয়ের সহযোগিতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এম এ মালিক আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করেন এম এ মালিক।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এম.পি, প্রধান বক্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এম.পি, বিশেষ অতিথি এমরান আহমেদ চৌধুরী এম.পি, রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউকে কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিলেট জেলা, মহানগর, সকল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থক ও জনতা।