সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়য় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের সামনে সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম শামসুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন, মাদ্রাসা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ধুলাউরী কামিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন, বোয়ালমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ, জোড়গাছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ( চলতি দায়িত্ব )আনোয়ার হোসেন উল্লাস, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন রানা, সহকারী অধ্যাপক মনসুর আলম,সহকারী অধ্যাপক এম এ হাই, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক নাড়িয়াগোদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক( চলতি দায়িত্ব) রুহুল আমিন, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিবর হোসেন, সাঁথিয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম, সাঁথিয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজমল হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এ সময় এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা এবং বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আমরা ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সব সরকারি কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করব। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভুখা মিছিল’ ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে সেই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি ।
সমাবেশে বক্তারা আরো বলেন, ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট জমা দিলেও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করছেন। বিশেষ করে জ্বালানি উপদেষ্টা– ‘অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না’– বক্তব্যের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তার বক্তব্যে প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।