বিকুল চক্রবর্তী:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে যুক্তরাজ্যে সংবর্ধনা ও যথাযথ মূল্যায়ন করায় সেখানকার বিএনপি নেতাকর্মী ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ উপলক্ষে শ্রীমঙ্গলে এক বিশাল সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে নিজ এলাকায় ফিরলে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে শত শত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শ্রীমঙ্গলের চা-কন্যায় স্বাগত জানান। পরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা ও ধন্যবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাজ্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে যেভাবে সংবর্ধনা ও সম্মান দেওয়া হয়েছে, তা শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের জন্যও গর্বের বিষয়। এজন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “লন্ডনে আমাদের দল অনেক সুসংগঠিত। সেখানে তারা আমাকে অনেক মূল্যায়ন করেছেন। আমি চাই, আমার এলাকাতেও আমার দল সুসংগঠিত থাকবে। সবাই মিলে মানুষের পাশে থাকব। ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করব।
তিনি বলেন, যুক্তরাজ্যে তাকে যে সম্মান ও মূল্যায়ন করা হয়েছে, তা তিনি নিজের এলাকার মানুষ ও নেতাকর্মীদের উৎসর্গ করছেন।
সভায় বিএনপি নেতা দুরূদ আহমদ, শামীম আহমদ, হাফিজুর রহমান তুহিন, মশিউর রহমান রিপনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।