নোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’ পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে ‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে জীবনযাত্রাজনিত বিভিন্ন রোগ এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। একই সঙ্গে ওষুধবিজ্ঞানেও প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন ও পরিবর্তন ঘটছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফার্মাসিস্টদের আধুনিক জ্ঞান, গবেষণা দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাগত নৈতিকতা অর্জন করতে হবে। নোবিপ্রবি ফার্মেসী বিভাগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্যখাতের প্রয়োজনীয়তা বিবেচনায় গবেষণা পরিচালনা করতে হবে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপদ ও সাশ্রয়ী ওষুধ উদ্ভাবনের ক্ষেত্রে গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা দেশের ওষুধশিল্প ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ নোবিপ্রবিতে আয়োজিত অনুষ্ঠানে ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।