স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার মোস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্সকে ৭৬ রানে উড়িয়ে দিয়েছে নাহিদ রানা ও শরিফুল ইসলামদের পেশাওয়ার জালমি। বল হাতে আবারও আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। জয়ে অবদান রেখেছেন আরেক পেসার শরিফুল ইসলামও।
অন্যদিকে লাহোরের হয়ে মাঠে নামেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। ম্যাচে বল হাতে মুস্তাফিজ ও রানা ২টি করে এবং শরিফুল ১ উইকেট নেন।
বাংলাদেশের পেসারদের পারফরমেন্সের ম্যাচে রানা-শরিফুলের পেশোয়ার ৭৬ রানে হারিয়েছে মুস্তাফিজের লাহোরকে।
করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় পেশোয়ার। ১০ বলে ১৮ রানে ফিরেন মোহাম্মদ হারিস। এরপর দ্বিতীয় উইকেটে ৭৯ বলে ১০৯ রান যোগ করেন অধিনায়ক বাবর আজম ও কুশল মেন্ডিস। বাবর ৪৩ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন কুশল।
৫টি চার ও ৪টি ছক্কায় ৪৮ বলে ৭৪ রান করেন কুশল। আগের ম্যাচেই করাচি কিংয়ের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
পরের দিকে মাইকেল ব্রেসওয়েল দুই অংকে পা রেখে ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানের পুঁজি পায় পেশোয়ার।
লাহোরের চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। নিজের প্রথম দুই ওভারে ৪ ও ৫ এবং তৃতীয় ওভারে ১৩ রান দেন তিনি।
চতুর্থ ওভারে ৮ রান দিলেও ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ফলে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট।
১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে পেশোয়ারের বোলারদের তোপে ১৭ ওভারে ৯৭ রানে অলআউট হয় লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে করেন ফখর জামান ও আব্দুল্লাহ শফিক।
৩টি করে উইকেট নিয়ে বোলিংয়ে পেশোয়ারের সেরা বোলার ছিলেন ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। রানা ৩ ওভারে ১৫ রানে ২টি এবং শরিফুল ২ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন।
প্রথম ওভারে ৪ রানে এবং তৃতীয় ওভারে ৫ রানে ১টি করে উইকেট নেন রানা। শরিফুল নিজের প্রথম ওভারেই ৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল পেশোয়ার। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে লাহোর।