আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে এখন পর্যন্ত তার সাক্ষাৎ হয়নি। তবে সুযোগ হলে তিনি অবশ্যই তার সঙ্গে দেখা করতে চান এবং ভবিষ্যতে কোনো এক সময় এমন সাক্ষাৎ হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন।
বুধবার (৩ জুন) সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ নামে একটি জনপ্রিয় পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের সঙ্গে আমাদের যে আলোচনা চলছে এতে অবশ্যই যুক্ত আছেন মোজতবা। আমি মনে করি তাকে ইরানিরা অনেক সম্মান করেন। তার সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়নি। তবে যেসব গল্প শোনা যায়, যদি সেগুলো সত্য হয় তাহলে হয়ত মোজতবা তার অনেক অঙ্গ হারিয়েছেন।”
“কিন্তু ইরানিদের ভাষ্য তিনি আলোচনার ক্ষেত্রে তার সম্মতি দিচ্ছেন। কারণ এমন ধারা দীর্ঘদিন ধরে চলছে। আগে তার বাবা এসব নিয়ন্ত্রণ করতেন। এখন তিনি। আমি মনে করি এটি একটি ধারাবাহিকতা। তাদের সঙ্গে আমাদের বোঝাপড়াটা বেশ ভালোই হচ্ছে।”
মোজতবার সঙ্গে দেখা করার কোনো সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, তার সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সঙ্গেই দেখা করতে পছন্দ করি। আমি মোজতবার সঙ্গেও দেখা করতে চাই। সম্ভবত কোনো এক সময় হয়ত তার সঙ্গে দেখা করব। তবে সবকিছু নির্ভর করবে পুরো বিষয়টি (চুক্তি ও আলোচনা) কিভাবে হচ্ছে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে সাবেক সুপ্রিম লিডার ও মোজতবার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর মোজতবা নতুন সুপ্রিম লিডার হন। ট্রাম্প প্রথমে মোজতবাকে এতটা গুরুত্ব দেননি। প্রথমদিকে তিনি তাকে ‘লাইটওয়েট’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে এখন তার সঙ্গে দেখা করার আগ্রহ দেখিয়েছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট