রাশিয়া বড় ধরণের হামলার প্রস্তুতি নিচ্ছে: জেলেনস্কি

শনিবার, মে ৩০, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার কাছে তথ্য আছে যে রাশিয়া একটি বড়ো ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি ক্রেমলিনকে কূটনীতির পরিবর্তে “ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করার” জন্যও অভিযুক্ত করেছেন।

এমন পরিস্থিতিতে তিনি নাগরিকদের সতর্ক থাকার ও ‘নিজেদের জীবন রক্ষার’ আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহের শেষে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণে কিয়েভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালে ক্রেমলিনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর, এটি ছিল অন্যতম বড় হামলা।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মস্কো বিদেশি কূটনীতিকদের কিয়েভ ত্যাগেরও সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে হামলা আরও জোরদারের হুমকি দিয়েছে।

রাশিয়ার দাবি, রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাস ও একটি কারিগরি বিদ্যালয়ে ইউক্রেনের হামলায় ২১ জন নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতেই হামলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়া নতুন একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে বিমান হামলার সতর্কবার্তাগুলোর প্রতি নজর দিন। নিজেদের জীবন রক্ষা করুন। আমাদের সেবা সংস্থাগুলো কার্যকরভাবে কাজ করছে ও প্রস্তুত রয়েছে। বিমান বাহিনী ও আমাদের আকাশসীমার অন্যান্য রক্ষীরা সব সময়ের মতো ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আবারও মিত্র দেশগুলোর প্রতি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ ও এর অর্থায়নের অনুমোদন দেওয়ার আহ্বান জানান।

এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

চলতি সপ্তাহের শুরুতে তিনি ক্রমবর্ধমান রুশ বিমান হামলার জবাব দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের কাছে চিঠি লিখে প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের অনুরোধ জানান। কারণ রাশিয়ার আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে।

প্রতিদিনের রুশ বোমাবর্ষণের জবাবে ইউক্রেনও রাশিয়া ও দেশটির অধিকৃত অঞ্চলগুলোতে হামলা বৃদ্ধি করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা চলছিল, তা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্থবির হয়ে আছে। কারণ ওই সংঘাত এখন ওয়াশিংটনের মনোযোগ ও সম্পদের বড় অংশকে ব্যস্ত রাখছে।