আল-আকসায় রমজানের প্রথম তারাবিতে অংশ নিলেন হাজারো মুসল্লি

বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের অন্যতম মহিমান্নিত পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজে অংশ নিতে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম উপস্থিত হন। গতকাল মঙ্গলবার তারা তারাবির নামাজ আদায় করেন। এ খবর জানিয়েছে, বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, এ সময় পুরো এলাকা ঘিরে রাখে ইসরায়েলি পুলিশ।

তকাল মঙ্গলবার আল আকসায় প্রথম তারাবিতে ইমামতি করেছেন আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাজনিত কারণে আল আকসা মসজিদ চত্বরে উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি পুলিশও মোতায়েন ছিল।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ধর্মীয় বিধি মেনে গতকাল তারাবির নামাজ পড়তে সন্ধ্যার পর আল আকসা চত্বরে জড়ো হন হাজারো মুসল্লি।

আল-আকসা মসজিদ প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে অবস্থিত। এক সময় পূর্ব জেরুজালেম মুক্ত ছিল, ১৯৫৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর এ অঞ্চলটি ইসরায়েলের দখলে আসে।

এখনও পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে জেরুজালেমে মুসলিমদের প্রবেশে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল।

তবে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সেসব বিনিনিষেধে খানিকটা শিথিলতা এনেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।