আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরী প্রেমিকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) ফ্রান্সের একটি গ্রাম গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ২৩ বছর বয়সী এক বেকার যুবককে গ্রেফতার করা হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, যুবকটি সম্ভবত ভুক্তভোগীর সাবেক প্রেমিক।
যুবকটি তার বাবা-মায়ের সঙ্গে বাস করেন।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বুধবার সকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের ফেরে-এন-তারদেনোইস এলাকার একটি রাস্তায় ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।
কিশোরিটি গলায় একাধিক ছুরিকাঘাতে আহত হন। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ফ্রান্সের ফেরে-এন-তারদেনোইস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথের সামনে সাদা গোলাপ ও মোমবাতি রাখা হয়।
একজন মা তার মেয়েদের স্কুলে পৌঁছে দিচ্ছিলেন।
তিনি বলেন, ‘এটি পুরোপুরি এক ভয়াবহ ঘটনা।’
তিনি বলেন, ‘সাধারণত তারা বাসে যায়, কিন্তু আজ সকালে আমি তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’
নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই মা জানান, তার মেয়ে নিহত ওই কিশোরীকে ‘খুব ভালোভাবে’ চিনত।