নিজস্ব প্রতিবেদক:
দেশের ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত করে সরকারি প্রণোদনা ও স্বল্পসুদে ঋণসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি ও খোলা চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্থানীয় বাজারব্যবস্থাকে সচল রাখতে লাখ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছোট ছোট দোকান, মার্কেট ও বিপণিবিতানের মাধ্যমে তারা মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সেবা দিয়ে আসছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকা এসব ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি, দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, পরিবহন খরচ এবং নানা ধরনের অতিরিক্ত ব্যয়ের কারণে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন বলে সংগঠনটি জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক ব্যবসায়ী লোকসান সামাল দিতে না পেরে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। কেউ কর্মচারী ছাঁটাই করেছেন, আবার কেউ ব্যবসার মূলধন ভেঙে দৈনন্দিন খরচ চালাচ্ছেন।
সংগঠনটির প্রথম ও প্রধান দাবি, ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত করে সরকারি প্রণোদনা প্রদানের ব্যবস্থা করা।
চিঠিতে বলা হয়, সরকার ক্ষুদ্র শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য বিভিন্ন সময়ে স্বল্পসুদের ঋণ, পুনঃঅর্থায়ন, প্রণোদনা, কার্যকরী মূলধনসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু দেশের বিপুলসংখ্যক ক্ষুদ্র দোকান ব্যবসায়ী ক্ষুদ্র শিল্পের আওতায় যথাযথভাবে অন্তর্ভুক্ত না থাকায় এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্পের আওতায় অন্তর্ভুক্ত করে প্রণোদনা, স্বল্পসুদের ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।