আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলার বেগমগঞ্জ থানাধীন একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা ও ডিবি ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একলাশপুর বাজারের জনৈক বাবুলের দোকানের পেছনের খালি জায়গা থেকে মোঃ কবির (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কবির বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নুরু মিয়া বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিম ও আমেনা খাতুনের ছেলে। পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।