এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩১ জানুয়ারি) ৪ দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান এ আশা ব্যক্ত করেন। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর আরো জানায়, সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্য দেন। তিনি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই টুর্নামেন্টে সর্বমোট ৮১৩ জন গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে কর্নেল ইমতিয়াজ মাহমুদ চ্যাম্পিয়ন হন। এ ছাড়া ভেটারান বিভাগে কর্নেল (অব.) মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ-আল-আজহার, লেডিস বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর বিজয়ী হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড় এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।