সাত কোটি টাকার ব্রিজে রডের পরিবর্তে বাঁশ

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর হাসান হাট বাজার সংলগ্ন নির্মাণাধীন একটি ব্রিজে লোহার রডের পরিবর্তে জিআই তার ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঢালাই কাজে নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করার অভিযোগও করেছেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণাধীন ব্রিজের কয়েকটি অংশ ভেঙে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বর্তমানে ব্রিজটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইজদী বাজার থেকে প্রায় চার কিলোমিটার পূর্বে একলাশপুর-শরীফপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে ২০২২ সালে একটি ট্রাক পার হওয়ার সময় সেটি ভেঙে পড়ে। ব্রিজটির গুরুত্ব বিবেচনায় ওই বছরই প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে সাময়িকভাবে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

স্থানীয়দের দাবি, ২০২৪ সালে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে পুরোনো ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

একলাশপুর ইউনিয়নের সাবেক মেম্বার সেলিম মিয়া বলেন, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদ করে আসছিলেন এলাকাবাসী। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি। গত দুই-তিন দিন ধরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নির্মাণাধীন ব্রিজের কিছু অংশ ভেঙে ফেলেন। রডের পরিবর্তে জিআই তার ব্যবহার এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়ার কারণে সাইডের রেলিংসহ বিভিন্ন অংশ ভেঙে পড়তে দেখে তারা কাজ বন্ধ করে দেন।