মৌলভীবাজার প্রতিনিধি।।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ GPA-5 প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখা। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে তাদের ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের চতুর্থ তলার কনফারেন্স হলে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি শফি আহমেদ ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই শেষ লক্ষ্য নয়। মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে অবদান রাখার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের সামনে জ্ঞান অর্জনের যেমন অসংখ্য সুযোগ রয়েছে, তেমনি নানা ধরনের চ্যালেঞ্জও রয়েছে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। ভবিষ্যতে যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে, তাদের এখন থেকেই সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা ও মানবাধিকার সম্পাদক এবং শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম, বুলবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাতুল এবং ৩ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান অর্থ সম্পাদক জুয়েল আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গাজী মুসাররাত সিনিন এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল শুধু তার নিজের অর্জন নয়, এর সঙ্গে পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কৃতী শিক্ষার্থীদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল মানুষ হয়ে ওঠে না। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, ন্যায়বোধ, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়িত্বশীলতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের দেশ ও জাতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তারা তাদের মেধা ও সৃজনশীলতাকে ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 প্রাপ্তসহ বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অভিভাবকরাও আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জাতির সংবাদ /রাআ