ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে আলোচনা হয়নি

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তারিখের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারকে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ইসি প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে থাকে।

তিনি বলেন, এ ধরনের আলোচনায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংশ্লিষ্ট সভা এবং বাজেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তবে এবার নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে, তা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে যে তারিখগুলো ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকারও এ ব্যাপারে কিছু জানে না।”