ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল নোয়াখালীর আবু বক্করের

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

 

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নিহতদের একজন নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান আবু বক্কর সিদ্দিক(পিঁয়াস)।বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।নিহত সেনাসদস্য আবু বক্কর সিদ্দিক (পিঁয়াস) নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালি পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মুন্সি সদ্দার বাড়ির আবদুল ওহাবের ছেলে।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আবু বক্কর সিদ্দিক চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তার চার বোনই বড়। পরিবারের সবচেয়ে ছোট সন্তান হিসেবে তাকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেন আবু বক্কর সিদ্দিক। দেশের সেবায় নিয়োজিত এই সেনা সদস্যের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনার পরপরই আহত সেনা কর্মকর্তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

নোয়াখালীর কৃতি সন্তান আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের পাশাপাশি নিজ এলাকা কবিরহাটেও শোকের আবহ বিরাজ করছে।