রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে জাপানের প্রতিনিধি দলের বৈঠক

সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

 

জাতির সংবাদ ডটকম।।

সফররত জাপানের The Nippon Foundation ও Sasakawa Peace Foundation (SPF)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সোমবার সকালে (০৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সাথে এক বৈঠকে মিলিত হন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান Mr. Yohei Sasakawa.

বৈঠকে বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে আলোচনা হয়। বর্তমানে বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয় এবং অন্যান্য জরুরি মানবিক কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত, পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বিশেষভাবে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা এবং অর্থায়ন সংকট মোকাবিলায় The Nippon Foundation Sasakawa Peace Foundation-এর সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানানো হয়। প্রতিনিধিদল রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারিত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।