জোবাইদা ইসলাম।।
বরগুনার আমতলীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় উপজেলার লঞ্চঘাট, ফেরিঘাট ও নদীতীরবর্তী বিভিন্ন স্থান ঘুরে দেখেন অংশগ্রহণকারীরা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে পদযাত্রাটি আমতলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ফেরিঘাট ও নদীর পাড় প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করা হয়।
পদযাত্রায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম মৃধা, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস ও আলম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
এ ছাড়া টিয়াখালী কলেজের প্রভাষক মো. সোহেলসহ স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানো এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
আয়োজকেরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা তৈরির এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।