কালুখালীতে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

 

জুয়েল সরদারঃ

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে ১০ টায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়।

হাত ধোয়া প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার এস এম রেজাউল করিম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের স্বাস্থ্য সচেতনতার অঙ্গীকার। পরিচ্ছন্নতা থেকেই শুরু হয় সুস্থতার পথ।

তিনি বলেন, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাসে শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে এনে তাদের সুস্থ শৈশব নিশ্চিত করতে পারে।

অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার এস এম রেজাউল করিম বলেন, বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া কেবল একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, নিউমোনিয়াসহ মারাত্মক সকল রোগ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করতে পারি। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, আমাদের প্রত্যেকেরই উচিত হাত ধোয়ার গুরত্ব সম্পর্কে সচেতন খাওয়া এবং অন্যদেরকে সচেতন করে ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে উঠা।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের সুস্থ থাকা, হাত ধোয়াকে অভ্যাসে পরিনত করা ও নিরাপদ খাবার গ্রহনের ব্যাপারে অঙ্গীকার করেন।

এ সময় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।