আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: ঢাকা–নোয়াখালী ও ফেনী–লক্ষ্মীপুর মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে নোয়াখালীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১, সিপিসি-৩।পাশাপাশি গভীর রাত পর্যন্ত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র্যাব আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১১-এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা–নোয়াখালী এবং ফেনী–লক্ষ্মীপুর মহাসড়ক ও আশপাশের এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।