শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিত্র শবে বরাত উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পবিত্র শবে বরাত রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন। এ কারণেই এই রাতকে সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।

ড. ইউনূস বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করা যায়।

তিনি আরও বলেন, আসুন, আমরা শবে বরাতকে উপলক্ষ করে সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করি এবং শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

বাণীর শেষে প্রধান উপদেষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও হেফাজত কামনা করেন।