স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা : ডা. রফিক

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রচারণায় অংশ নেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা চাই, যেখানে সবার জন্য আধুনিক সেবা নিশ্চিত করা হবে। মা ও শিশুদের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিকায়ন করে সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এতে প্রতিটি মানুষ ঘরে বসেই নিজের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য জানতে পারবে।

তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন প্রায় সব উন্নত চিকিৎসা ঢাকাকেন্দ্রিক—এই ধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে অগ্রাধিকারের ভিত্তিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সেখানে হৃদরোগ, ডায়ালাইসিস, ক্যান্সারসহ সব ধরনের চিকিৎসাসেবা ধাপে ধাপে চালু করা হবে।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মাঝে বিএনপির দেশগড়ার পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দলের স্বাস্থ্যসেবা পরিকল্পনা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. খান মুহাম্মদ আরিফ, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. মিজান, ডা. সিফাতসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।