গণমাধ্যম এখন সম্পূর্ন স্বাধীন:আপনারা আমার বিরুদ্ধেও গঠনমূলক সমালোচনা করবেন- মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৪ আসনের (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জোষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আপনারা সাংবাদিকরা কারো লেজুরভিত্তিক হবেন না। আপনারা নিরপেক্ষভাবে সংবাদ লিখে যান। এখানে আমার দলের নেতাকর্মী কিংবা আমারও যদি কোন দোষগুন খুঁজে পান আপনারা পত্রিকায় তা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অনেক সমস্যাও আছে, সম্ভাবনাও রয়েছে। আমি বিষয়গুলো নিয়ে কাজ করবো।
শ্রীমঙ্গল শহরে এখন যানজট বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক তৈরীর কাজ দ্রুত শুরু হবে, দীর্ঘদিন ধরে এ ক্লাস মানের হলেও শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিত হয়নি বিগত ৯০ বছরেও। আমি শ্রীমঙ্গলের ইউএনও এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি৷ ম্যাপ তৈরিসহ সব কাগজপত্র তৈরী আছে। আগামী পৌরসভা নির্বাচনের আগেই বর্ধিত হবে। পর্র্যটকদের কথা বিবেচনা করে এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী। বিএনপি সরকার এ বিষয়েও সর্বাধিক গুরুত্ব দিবে।

তিনি বলেন, দুর্র্নীতি ও মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্সে থাকবো। এই বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহবান জানান।

এই উপজেলার সসম্যা জানতে ও করনীয় বিষয়ে তিনি মাঝেমধ্যেই গণমাধ্যমকর্মীদের সাথে বৈঠক করবেন। এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সহযোগীতাও চান তিনি।

এ সময় সাংবাদিকরা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ একটি পর্যটন এলাকা এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব তাই এই এলাকায় ঢাকা চট্টগ্রাম থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে শ্রীমঙ্গলে বিশেষ ট্রেন চালু করা, বিমান বন্দর পুণ: চালু করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।