জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ঠিকাদারদের পেশাগত স্বার্থ, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মাহবুবুর রহমান হিরু সভাপতি, নুরুজ্জামান সিকদার কার্যনির্বাহী সভাপতি এবং কাজী জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নেতৃত্বে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
সমিতি সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে বিপিডিবির সঙ্গে দীর্ঘদিন ধরে ঠিকাদারি পেশায় যুক্ত অভিজ্ঞ ঠিকাদারদের পাশাপাশি নতুন প্রজন্মের ঠিকাদাররাও রয়েছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত নতুন নেতৃত্ব সমিতির কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির অন্যতম লক্ষ্য হলো ঠিকাদারদের পেশাগত সমস্যা ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা।
সংশ্লিষ্টরা জানান, ঠিকাদারদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও কার্যকর করার পাশাপাশি সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে নবগঠিত কমিটি।
উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি একটি নিবন্ধিত সমিতি। এর রেজিস্ট্রেশন ক্রমিক নম্বর ১১৩।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সকল সদস্যের সহযোগিতা, পারস্পরিক ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমিতিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।
পাশাপাশি ঠিকাদারদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।