ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে : নাহিদ ইসলাম

শনিবার, এপ্রিল ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে। জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নাহিদ ইসলাম বলেন, এদেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭-এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এদেশে যত গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।

অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।