নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও স্কুল পর্যায়ে আরো বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং একটিভিটি-অরিয়েন্টেড ম্যাথমেটিকস চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান।
পাশাপাশি স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরো বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।