নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

 

জাতির সংবাদ ডটকম।।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপিয়া এমপি। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।