স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।

আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে নিয়মিত নির্বাচনের বিকল্প নেই। এ লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

মতবিনিময় সভায় দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে রুফটপ সোলার বা ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ভবন বা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদ্যুতের ঘাটতি মোকাবিলার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মীর শাহে আলম বলেন, পরিকল্পিতভাবে রুফটপ সোলার কার্যক্রম বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সার সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, যেসব এলাকায় বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন, সেসব এলাকায় কৃত্রিমভাবে সার সংকট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সরকারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গাইবান্ধায় পৌঁছালে সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।