রাজধানীর শাহ আলী এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অভিযুক্ত ওসির বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল সশস্ত্র ব্যক্তি প্রাচীর টপকে প্রবেশ করে হামলা চালায়।
মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা সেখানে থাকা দুই নৈশপ্রহরীকে মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে হ্যামার ও ভেকু ব্যবহার করে সীমানাপ্রাচীরসহ প্রতিষ্ঠানের একাধিক সেবা কক্ষ ভেঙে ফেলা হয়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ক্লিনিক থেকে ওষুধপত্র, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, এসি ও ফ্রিজসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ছাড়া ভবন ও আসবাবপত্র ভাঙচুরের কারণে আরও প্রায় ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শিগগির শুরু হবে বলে জানান তিনি।